বিএনপি চেয়ারম্যান তারেক রহমান | ছবি: ডেইলি এশিয়া
ত্রয়োদশ সংসদে বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত বাংলাদেশ রাইফেলস (বিডিআর) নাম পুনর্বহাল করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ২০০৯ সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করে দিয়েছিল। ভবিষ্যতে যাতে কখনোই এ ধরনের ঘটনা না ঘটে সেই লক্ষ্যে সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে বিডিআর পিলখানা সেনা হত্যাযোগ দিবসটিকে ‘শহীদ সেনা দিবস’ অথবা ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা আমাদের রয়েছে। বরাবরই সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীকে আমার কাছে একটি বৃহত্তর পরিবার বলেই মনে হয় বা আমরা মনে করি। এর কারণ হয়তো সেনানিবাসে আমার এবং আমার পরিবারের বেড়ে ওঠা। অনেক ছোট বয়সে বাবাকে হারিয়েছি। তবে বড় হয়ে দেখেছি সেনাবাহিনীর প্রতি আমার মা মরহুমা খালেদা জিয়াও এক ধরনের নির্ভরতা ছিল, সম্মান ছিল। আমার মা সবসময় মনে করতেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বাংলাদেশের অবশ্যই একটি শক্তিশালী সেনাবাহিনী থাকা দরকার।’ তিনি বলেন, ‘সেনাবাহিনীর হারানো গৌরব ফিরিয়ে দেওয়া হবে- আমি এ ধরনের কথা বলতে চাই না। বরং গৌরব ফিরিয়ে দেওয়া যায় না, গৌরব অর্জনের বিষয়, গৌরব ধারণ করার বিষয়। সেনাবাহিনীর গৌরব সেনাবাহিনীকে রক্ষা করতে হবে। সেনাবাহিনীর নিজেদের সম্মান এবং মর্যাদা সম্পর্কে নিজেদেরকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। একটি রাজনৈতিক দল হিসেবে, একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে আমি এতটুকু বলতে পারি জনগণের রায়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। সেনাবাহিনীর গৌরব ভূলন্ঠিত হয়.. এমন কিছু বিএনপি অতীতেও করেনি, বর্তমানেও না এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও বিএনপি করবে।’