প্রকাশ :: ... | ... | ...

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান


সংযুক্ত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি: ডেইলি এশিয়া

আগামী ছয় মাসের কাজের অগ্রগতি বিবেচনায় নিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কোনো গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মন্ত্রীকে সরিয়ে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গতকাল বুধবার বেলা ৩টায় অনুষ্ঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন তাঁর নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়। এর বাইরে পাঁচজন মন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা এবং পাঁচজন প্রতিমন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। গতকালের বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রী ছাড়াও ১০ উপদেষ্টা উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার বৈঠক সূত্রে জানা যায়, তারেক রহমান সবাইকে সততার সঙ্গে কাজ করতে কঠোর নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে তিনি কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না বলেও সতর্ক করেন। পাশাপাশি প্রতিটি মন্ত্রণালয়কে আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন। আগামী মন্ত্রিসভার বৈঠকে প্রতিটি কর্মপরিকল্পনা এক করে, আলোচনার মাধ্যমে সরকারের পরিকল্পনার রূপরেখা তৈরি করা হবে। এই ১৮০ দিনের কর্মপরিকল্পনায় বিএনপির নির্বাচনী ইশতেহারকে প্রাধান্য দেওয়ার নির্দেশনাও দেন তারেক রহমান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন, কিছু অনুশাসন দিয়েছেন। সরকারের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করতে হয়। আমরা এবার ১৮০ দিনের অগ্রাধিকার নির্ধারণ করেছি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, সরকার গঠনের পর ১৮০ দিনের জন্য বিএনপির একটি পরিকল্পনা আছে, যা দ্রুত জনগণের সামনে উপস্থাপন করা হবে। ১৮০ দিনের জন্য বিএনপির একটি প্ল্যান আছে, যেটি আগেই তৈরি করা ছিল।