বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামসহ আশপাশে এখন সাজ সাজ রব। প্রায় দুই দশক পর সোমবার পিত্রালয়ে পা রাখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এ উপলক্ষে জিয়া পরিবারের আদি নিবাস 'জিয়াবাড়িতে' সংস্কার সৌন্দর্যবর্ধন করেছেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় আসছেন তারেক রহমান। আর সফর ঘিরে জেলাজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
দিনব্যাপী সরকারি সফরে প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং জনসভায় ভাষণ দেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল ৬টায় ঢাকা থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দিয়ে সাড়ে ১০টায় বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। বেলা ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতি ভবন এবং ই-বেলবন্ড' কার্যক্রমের উদ্বোধন করবেন।
এরপর বেলা সাড়ে ১১টায় বগুড়া পৌর ভবনে বগুড়া সিটি করপোরেশনসহ বেশকিছু প্রকল্প উদ্বোধন করবেন।
বগুড়া সিটি করপোরেশন-এর ফলক উন্মোচন করে জিয়াউর রহমানের গ্রামের বাড়ী গাবতলী উপজেলার বাগবাড়ীর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রূবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। পরে নশিপুরে চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি জিয়াাবাড়ি যাবেন।
বিকালে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এরপর তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদ পুন-নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) যাত্রাবিরতি করবেন।