বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে মঙ্গলবার দুপুর ২.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীতে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে ‘লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি (চিকন সেমাই)’ প্যাকেটজাতকরণ ও বিক্রি-বিতরণ এবং মোড়কে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় নগরীর মালোপাড়া এলাকায় অবস্থিত মেসার্স শাহী ফুড ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানটিকে পঁচিশ হাজার টাকা মাত্র জরিমানা করা হয়। একই সাথে লাইসেন্স গ্রহণের পূর্বে প্রতিষ্ঠানটির প্যাকেটজাতকৃত লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি (চিকন সেমাই) এর সকল প্রকার বিক্রি-বিতরণ বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান এর নেতৃত্বে পরিচালিত উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান বলেন জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিতকল্পে বিএসটিআই, রাজশাহীর এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।