রাজশাহীর চারঘাটে ইসলামী জলসায় কাকে প্রধান অতিথি করা হবে, এমন বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এক ওয়ার্ড বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারী) রাতে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী (৬০) সিপাইপাড়া ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এবং তিনি স্থানীয়ভাবে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, জুমার নামাজের পর স্থানীয় মসজিদে বসে একটি ইসলামী জলসা আয়োজন নিয়ে আলোচনা চলছিল। সেখানে এক পক্ষ জেলা যুবদলের সাবেক সভাপতি ও রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ আনোয়ার হোসেন উজ্জলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেন। অন্য পক্ষ বর্তমান এমপি আবু সাইদ চাঁদকে অতিথি করতে চান। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে আলোচনা ভেস্তে যায়।
পরিবারের দাবি, রাত আনুমানিক ১০টার দিকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে সিপাইপাড়া এলাকায় একটি চায়ের দোকানের সামনে ওঁৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি এরশাদ আলীর ওপর হামলা চালান। অভিযুক্তদের মধ্যে সাইদুর রহমান, গাজী, সুমন আলী, সাব্বির, আশাদুল ও জোয়াদসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা লাঠি ও পেয়ারা গাছের ডাল দিয়ে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই এরশাদ আলীর মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ ছুটিতে থাকায় (চলতি দায়িত্বে) উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে রাখে। শনিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িতরা পলাতক রয়েছে।
তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে পরিবারের পক্ষ থেকে একজন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করবেন বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।